রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
হঠাৎ করে উজানের পাহাড়ি ঢলের পানি হুহু করে চলে আসায় তিস্তা ব্যারেজ এলাকায় বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস সড়কটি ভেঙে গেছে। ফলে পানির প্রবল স্রোতে গড্ডিমারী ও সিঙ্গিমারী ইউনিয়নের তিস্তার পার্শ্ববর্তী কয়েকটি রাস্তা ভেঙে গিয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বন্যা কবলিত তিস্তা ব্যারেজ এলাকায় পরিদর্শনে এসেছেন জেলাপ্রশাসক আবু জাফর।
বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে বেলা বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পেতে থাকে। দুপুর ১টার দিকে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়।
লালমনিরহাট জেলার তিনবিঘা করিডর দহগ্রাম ইউনিয়ন,
তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস বাঁধ, গড্ডিমারী ও সিঙ্গিমারী ইউনিয়নের তিস্তার পার্শ্ববর্তী অনেক রাস্তা ভেঙে গেছে। ফলে দহগ্রাম, ডালিয়া, হাতীবান্ধা শহরসহ লোকালয়ে বন্যার পানি প্রবেশ করছে। ডুবে গেছে তিস্তা তীরবর্তী এলাকার হাজার হাজার একর ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। ভয়াবহ বন্যায় তিস্তা পাড়ের মানুষের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। বুধবার দুপুরে পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। হাতীবান্ধার বড়খাতা হতে গড্ডিমারী মেডিকেল মোড় হয়ে মেডিকেল মোড় বাইপাস পাকা সড়কটির উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কটির বিভিন্ন স্থান ধসে পড়ছে।
সকাল সাড়ে ৯টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের লালমনিরহাট অংশের একটি ফ্লাড বাইপাস বাঁধ ভেঙে গেছে। এতে নিলফামারী জেলার সাথে লালমনিরহাটের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাইপাসটি ভেঙে যাওয়ায় পানি হাতীবান্ধা শহরে ঢুকছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ভয়াবহ বন্যায় তিস্তা তীরবর্তী এলাকার হাজার হাজার একর পাকা ধানক্ষেতসহ আলু, ভুট্টা ক্ষেত পানিতে ডুবে গেছে।
তিস্তা এলাকার স্থানীয়রা বলেন, প্রতিবার বন্যার আগে পানি উন্নয়ন বোর্ড থেকে বন্যার আগাম পূর্বাভাস জানানো হলেও এবার তা জানানো হয়নি। ফলে বন্যার পানিতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন,আমি ৮৮ সনের বন্য দেখেছি তখন আমি ছোট, আমার দেখা ৮৮ সনের বন্যাকেও হার মানিয়েছে এবারের সৃষ্ট বন্যা। এই বন্যায় দহগ্রাম ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের শতশত মানুষ পানিবন্দি হয়ে পরেছে। এখানে মানুষজন চুলো জ্বালাতে পারছেনা ফলে খাবার সংকটে পরেছে তারা। সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ দ্রুত ত্রাণ বিতরণের মাধ্যমে পাশে দাঁড়ানোর।
গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামলন বলেন, এবারের বন্যা ঐতিহাসিক বন্যা। তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাস ভেঙ্গে গড্ডিমারী ইউনিয়ন ছিন্নভিন্ন হয়ে পড়েছে। তালেবমোর বাঁধসহ পাকা রাস্তা ভেঙ্গে হাজার হাজার একর আমন ধান নষ্ট হয়ে গেছে। পানিতে ভেসে গেছে শতশত পুকুরের মাছ। অসংখ্য ঘড় বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ফলে বর্তমানে চরম অসহায় হয়ে পড়েছে অত্র ইউনিয়নবাসী। সকলের কাছে দোয়া ও সহযোগীতা চাই।

সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, এবারের বন্যায় নজিরবিহীন ক্ষতির সম্মুখীন হয়েছে আমার ইউনিয়ন। ভেশ্বির মোড় হতে ধুবনী পর্যন্ত ১,২,৩ নং ওয়ার্ডের তিস্তার বাধ ভেঙে গিয়ে হাজার হাজার একর ফসলি জমির ধান নষ্ট হয়ে গেছে। শতশত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ফ্লাড বাইপাস ভেঙে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা নির্ণয় করে দ্রুত ত্রানের ব্যবস্থা করা হবে।
ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত দহগ্রাম ইউনিয়ন পরিদর্শন করে গেছেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুর রহমান সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা।
তারা সবাই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহয়তার হাত প্রসারিত করার কথা বলেছেন,,সরকারি অনুদানের পাশাপাশি দহগ্রাম ইউনিয়নের বানভাসি মানুষের পাশে দাড়িছেন অনেকে, পাটগ্রাম উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী রব্বানী প্রধান,কামরুল হাসান ইতিমধ্যে এক হাজার পরিবারকে শুকনো খাবার পৌঁছে দিয়েছেন। পাশাপাশি দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সর্বদা খোঁজ রাখার পাশাপাশি শুকনো খাবার, পানি দিয়েছেন। এছাড়াও আঙ্গোরপোতা বন্ধু কল্যাণ পরিষদের সদস্যরা ত্রাণসামগ্রী দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
ব্যক্তিগত ভাবে অনেকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোয় ক্ষতিগ্রস্ত রা ভরসা পাচ্ছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।