জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১ টায় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে একটি র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষক ও নারীরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন।
এতে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছাঃ সাদিয়া সুলতানা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সৈয়দ খায়রুল আলম, উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল হক আজাদ, নারী উন্নয়ন ফাউন্ডেশন সভানেত্রী সালেহা রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, শিক্ষক কাজী কামরুল হুদা, মো. হান্নান বিশ্বাস, এস.এম আহমেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অ.স.কাম কম্পি.অপা. মুর্শিদা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও নারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দুর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।