নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া এলাকায় অবস্থিত ‘মেসার্স পিশন ফিলিং স্টেশন’-এ ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি, কর্মচারীদের গালিগালাজ এবং সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার মেজবাহ উদ্দিন নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নড়াইল পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. হাসানুজ্জামান।
অভিযোগ সূত্রে জানা যায়, দেশব্যাপী চলমান জ্বালানি সংকটের মধ্যেও সরকারি নির্দেশনা মেনে এবং প্রশাসনের উপস্থিতিতে নিয়মিত তেল বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছিল ফিলিং স্টেশনটি। ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মেজবাহ উদ্দিন নামের ওই ব্যক্তি স্টেশনে এসে সিরিয়াল ভেঙে কোনো বৈধ স্লিপ ছাড়াই ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় পাম্পের কর্মচারীরা তাকে নিয়ম মেনে লাইনে দাঁড়ানোর অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। পাম্প ম্যানেজার পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে তিনি তার দিকে ক্যামেরা তাক করে অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন এবং হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তিনি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখান বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
ফিলিং স্টেশনের মালিক মো. হাসানুজ্জামান জানান, সম্প্রতি তুলারামপুর এলাকায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার হত্যাকাণ্ডের ঘটনায় তারা আগে থেকেই আতঙ্কে রয়েছেন। এর মধ্যে এমন ঘটনা তাদের নিরাপত্তা শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী ব্যবসায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন