পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায়, ওসি এ আর এম আল মামুনের নেতৃত্বে অভিযান:
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে একাধিক মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি একনালা বন্দুক, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও চার রাউন্ড কার্তুজ।
নরসিংদী জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ্-আল-ফারুকের সরাসরি নির্দেশনায় এবং নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য আসে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকা থেকে আব্দুর রহমান আবেদ (২৩) নামে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি জামেয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী শাখা ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। তাঁর পিতার নাম সাইফুল ইসলাম। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোলপুকুরিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী মডেল থানার মামলা নম্বর ১৯(৮)২৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি তিনি।
গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পর্যালোচনা করা হলে সেখানে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায় বলে জানায় পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে নরসিংদী মডেল থানাধীন গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে তাঁর দেখানো ও শনাক্ত করা স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে—ম্যাগাজিন সংযুক্ত খয়েরি রঙের প্লাস্টিকের বাটযুক্ত একটি বিদেশি পিস্তল, কাঠের বাটসহ ৩৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি একনালা বন্দুক, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি এবং চার রাউন্ড কার্তুজ।
পুলিশের এ বিশেষ অভিযানে পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনা এবং ওসি এ আর এম আল মামুনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।