নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার ভাগদী মৌজার ডগরিয়া এলাকায় পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি টিনের ঘর ও সীমানা প্রাচীর ভেঙে ফেলার পাশাপাশি গাছপালা কেটে ফেলার মাধ্যমে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মোহাম্মদ খাইরুল আলম ওরফে তূর্য (৩১) জানান, তার পিতা খোরশেদ আলম ভূঁইয়ার নামে থাকা ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় চার ব্যক্তি—জাকির মিসির, রফিকুল মিসির, কবির মিসির ও ইকবাল মিসিরের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ৭ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে জমিতে থাকা একটি চৌচালা টিনের ঘর ভেঙে ফেলে এবং চারপাশের বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেয়। একই সঙ্গে জমিতে থাকা বিভিন্ন গাছপালা কেটে নেওয়া হয়।
ঘটনার সময় খাইরুল আলম ঢাকায় অবস্থান করছিলেন। পরে ৯ এপ্রিল বাড়িতে ফিরে প্রতিবাদ করলে তাকে ও তার ভাই জুবায়ের আলমকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
দায়েরকৃত অভিযোগ অনুযায়ী ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে—চৌচালা টিনের ঘরের মূল্য প্রায় ৫ লাখ টাকা, বাউন্ডারি ওয়ালের ক্ষতি ৮ লাখ টাকা এবং গাছপালার ক্ষতি প্রায় ৫০ হাজার টাকা।
এ ঘটনায় ১০ এপ্রিল নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬০২) করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের জন্য এসআই জাকির হোসেনকে দায়িত্ব দিয়েছেন।
ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে।