আল-হুদা মালী শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাবুরা ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে শ্যামনগর উপজেলা সদরে মিছিলে অংশ নেন গাবুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম ঘোরামী ও খান দাউদ আলী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গাবুরা ইউনিয়ন থেকে মিছিলটি শুরু হয়। পরে শ্যামনগর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও আলোচনা সভায় গিয়ে মিছিলটি মিলিত হয়।
মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়া থাকলেও নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি উৎসবমুখর ও বর্ণাঢ্য হয়ে ওঠে।
পরে শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির নেতা ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলায়মান কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা বিএনপির নেতা ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না।
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রাম ও দেশের রাজনীতিতে দলটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিরোধী দল হিসেবেও দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
মিছিলে গাবুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম ঘোরামী, খান দাউদ আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।