নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদীসহ ভুক্তভোগী পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) সকালেনড়াইল কোর্ট চত্বরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতার করা হলেও মাত্র ১০-১২ দিনের মধ্যেই তারা জামিনে মুক্তি পেয়ে গেছে। এতে করে এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। পাশাপাশি নিরীহ মানুষকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত হান্নান খানের জন্মান্ধ ছেলে রহিদুল ইসলাম, আলামিন খান, আহমাইল খান, মিসকাত খান, মিন্টু খান ও আবেরন বেগমসহ স্থানীয়রা। তারা অবিলম্বে আসামিদের জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আয়ুব মোল্যাসহ তার লোকজন। এ ঘটনায় ২৩ জনকে আসামী করে নামে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।