জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা গামী ট্রেনের ধাক্কায় মোঃ রিয়াজুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কামঠানা ৫ নং ওয়ার্ডের দীলিপ হীরার বাড়ির উত্তর পাশে রেল লাইনে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজুল ইসলাম উপজেলার মুচড়া উত্তর পাড়ার ফজলুল হক মোল্যার ছেলে
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রোববার বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি বিকেল সাড়ে ৫ টার দিকে নড়াইল-লোহাগড়া রুটের কামঠানা এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় রিয়াজুল হক ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় এবং নিহতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করলে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে রিয়াজুলের মরদেহ শনাক্ত করেন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রেলওয়ের জায়গাতে হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।