কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে পাথর লুটপাটে বাধা দেওয়ায় এক তরুণ ফটোগ্রাফার হামলার শিকার হয়েছেন। আহত ওই যুবকের নাম মো. এমাদ আহমদ (২১)। তিনি কোম্পানীগঞ্জ ফটোগ্রাফার সোসাইটির সদস্য এবং উপজেলার নাজিরগাঁও গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী এমাদ আহমদ জানান, শনিবার (২৪ মে) দুপুরে ভোলাগঞ্জ এলাকায় পাথর লুটপাটে বাধা দেন তিনি এবং আরও কয়েকজন ফটোগ্রাফার, দোকানদার ও পর্যটক। এতে ক্ষিপ্ত হয়ে বারকি শ্রমিকদের একটি দল হুমকি দেয়, “তোমাদের দেখে নেব।”
পরে সন্ধ্যা ৬টার দিকে কালাইরাগ এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে লালপাথর হাজির বাগান এলাকায় পূর্বপরিকল্পিতভাবে চার যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা হলেন উত্তর রণীখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের আবু বক্কর মিয়া (২৩), মানিক মিয়া (২৫), আশিক মিয়া (২৩) ও হাছন মিয়া (২৬)। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে এমাদকে বেধড়ক মারধর করেন এবং তার সঙ্গে থাকা ক্যানন ৭০০ডি ক্যামেরা (বাজারমূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা) ছিনিয়ে নেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহত এমাদকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় এমাদ কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
উপজেলার ৫নং উত্তর রণীখাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, “দু’পক্ষই আমাদের এলাকার। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।”
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।