“”
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে শত্রুতার জের ধরে আগাছা নাশক বিষ স্প্রে করে প্রায় ১৪ বিঘা জমির আমন ধান পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর গ্রামে। ওই ঘটনায় ভুক্তভোগী উপজেল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চন্দননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা সোমবার (১০ অক্টোবর) থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, খালেকুজ্জামান তোতা ও তার ছোট ভাই হারুন অর রশিদ ক্রয়সূত্রে চন্দননগর ইউনিয়নের নেহেন্দা মৌজায় ৪.৭৪ একর জমি ভোগদখল করে আসছিলেন।
ভোগ দখলে থাকার পরও একই ইউনিয়নের নটিপুকুর এলাকার আব্দুস সামাদ এবং তার ছেলে সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, তফিকুল ইসলামসহ আরও লোকজন নিয়ে ইরি মৌসুমে ধান রোপনে বাধা প্রদান করে।
এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে আমন ধান রোপনের পর ধান কেটে ঘরে তুলতে দিবেন না বলে হুমকি প্রদান করেন। গত ৮ অক্টোবর থেকে ৯ অক্টোবর রাতে যেকোনো সময়ে ধানের গাছে আগাছা নাশক স্প্রে করে দুবৃত্তরা। এতে ভুক্তভোগী ওই কৃষকের প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়।
খালেকুজ্জামান তোতা বলেন, ৪.৭৪ একর জমিটা আমাদের কেনা সম্পত্তি। ১৯৭২ সালের আরএস রেকর্ডও আমাদের নামে। অথচ কার উস্কানিতে তারা এ ধরনের কাজ করতে গিয়েছে তা আমার বোধগম্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।
আব্দুস সামাদের মুঠোফোনে বারবার ফোন দিলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ধানে আগাছা নাশক স্প্রে করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।