রুহুল আমীন তালুকদার সিলেট :
সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের ভূমি জোরপূর্বক দখল করে ফলজ ও বনজ গাছ কেটে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের ভবন নির্মাণের চেষ্টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খয়রাত মোঃ বদরুল ইসলাম (সার্কেল-৬) এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
গত ১০ মার্চ স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব বরাবরে সিভিল সার্জন অফিস কর্তৃপক্ষ এমন গুরুতর অভিযোগ এনে চিঠি দিয়েছেন। সিভিল সার্জন অফিস কর্তৃক মৌখিক ও লিখিত ভাবে সিলেটের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ভবন নির্মাণ প্রক্রিয়া বন্ধ করতে বলার পরও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খয়রাত মোঃ বদরুল ইসলাম তা না মেনে ভবন নির্মাণ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন।
১৯ এপ্রিল মঙ্গলবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সিভিল সার্জন কার্যালয়ের অভ্যন্তরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়। এই কার্যালয়ের ঠিক পেছনে বেশ কিছু ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। তার মধ্যে অনেকগুলো কাঁঠাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে কাঁঠালগুলো কাটা গাছেরই। সে সময় সেখানে কয়েকজন শ্রমিককে মাটি কাটার কাজ করতে দেখা গেছে।
সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের অভিযোগ, তার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে বারবার নিষেধ করার পরও অসৎ উদ্দেশ্যে গাছগুলো কেটে এখানে ভবন নির্মাণ প্রক্রিয়া চালাচ্ছেন তিনি।
এ বিষয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডা. নুরে আলম শামীম বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর এমন কর্মকান্ড খুবই নিন্দনীয়। যদি তারা এর সঠিক সমাধান না করেন তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে হলেও বিভাগীয় স্বাস্থ্য অফিসের জায়গা রক্ষা করবো।
সিলেটের সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ার বলেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের এখনও অনেক ভবনের প্রয়োজন রয়েছে। এখানে করোনার টিকার রেজিষ্টেশন করলেও টিকা দিতে পারিনা। করোনার টিকার জন্যও আলাদা ভবনের প্রয়োজন। এছাড়াও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে আমাদের অন্ধকারে রেখে তারা আমাদের জায়গায় ভবন নির্মাণ করতে যাচ্ছেন, যা কিছুতেই মেনে নেয়া যায় না। বিষয়টি স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিবকে লিখিত ভাবে অবগত করা হয়েছে। এছাড়াও সরকারি জায়গা রক্ষার্থে যা যা প্রয়োজন সেরকম ব্যবস্থা আমরা নেবো।
সিলেট সিভিল সার্জন কার্যালয়ের জায়গা জোরপূর্বক ভাবে দখল করার অভিযোগের বিষয়টি জানতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অফিসে গিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খয়রাত মোঃ বদরুল ইসলামকে পাওয়া যায়নি। এ সময় অফিসে কর্মরতদের কাছে মোবাইল নাম্বার চাইলে তারা দিতে অপারগতা প্রকাশ করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।