রুহুল আমীন তালুকদার, সিলেট :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দেবর একরামুল হকের দায়ের কোপে তার বড় ভাইয়ের স্ত্রী ভাবী সুলেখা বেগম (৫৫) খুন হয়েছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৩ মে শুক্রবার সকাল ৯টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় উপজেলার ভীমখালি ইউনিয়নের চান্দবাড়ি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ও নিহত সুলেখা বেগমের স্বামী আকমল হোসেন বাদী হয়ে গত ১৪ মে শনিবার তার ছোট ভাই একরামুল হকের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা থানা মামলা নং- ০৮।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আকমল হোসেন ও তার ছোট ভাই একরামুল হকের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে পূর্ব বিরোধ ছিলো। এই বিরোধপূর্ণ জমিতে তৈরী করা ধান শুকানোর খলায় সুলেখা বেগম ও তার সন্তানরা গত ৯ মে সোমবার বেলা ১১টায় ধান শুকাতে গেলে একরামুল হক তাদেরকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে একরামুল উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে তার ভাতিজা, সুলেখা বেগমের প্রবাস ফেরত ছেলে সাইদুল হককে কোপ মারে। এ সময় সুলেখা বেগম তার ছেলের প্রাণ রক্ষার্থে সাইদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কোপটি সুলেখা বেগমের মাথায় পড়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম হয়। আহত সুলেখা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১৩ মে শুক্রবার সকাল ৯টায় সুলেখা বেগম মারা যান।
এ ঘটনার বিষয়ে সিলেটের কোতোয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক রাজীব রায় জানান, খবর পেয়ে গত ১৩ মে সকালে হাসপাতালে গিয়ে সুলেখা বেগমের মর দেহটি পুলিশ হেফাজতে নিয়ে সুরত হাল রিপোর্ট তৈরি করে এবং ওই দিন ময়না তদন্ত শেষে বিকালে মর দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনার বিষয়ে নিহত সুলেখা বেগমের স্বামী আকমল হোসেন বাদী হয়ে গত ১৪ মে শনিবার ছোট ভাই একরামুল হকের বিরুদ্ধে থানা একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি থানা প্রাপ্ত হয়ে এজাহার গণ্যে মামলা রুজু করা হয়। আসামী একরামুল হক পলাতক। তাকে গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।