জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে সুমাইয়া (১৮) নামের এক কলেজছাত্রী আত্নহত্যা করেছে।
গতকাল মঙ্গলবার রাতে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই গ্রামের পান্নু ভূইয়ার মেয়ে। সে উপজেলার লক্ষীপাশা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলো।
লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্বজনরা জানান, গতকাল মঙ্গলবার বাড়িতে টিউবয়েল দেওয়া নিয়ে বাবা পান্নু ভূইয়ার সাথে মেয়ে সুমাইয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমাইয়া বাবার ওপর অভিমান করে নিজ বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরে ঘরের আড়ার সাথে ঝুলান্ত অবস্থায় দেখে স্বজনরা তাঁর লাশ উদ্ধার করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে আজ বুধবার সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল পূর্বক কারো আপত্তি না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।