লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলমগীর হোসেন ও আমিনুর রহমান নামে দুই গরুর রাখাল এখন ভারতীয় চোরাচালানকারীদের কাছে বন্দি। ১৩ লক্ষ টাকার বিনিময় তাদের ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছে মিঠুন নামে ভারতীয় এক চোরাচালানকারী। এর আগে রোববার দিবাগত রাতে দইখাওয়া সীমান্ত দিয়ে গরু পারাপার করতে গেলে তাদের আটক করে ভারতে নিয়ে যায় ভারতীয় চোরাচালানকারীরা।
নাম না প্রকাশ না করার শর্তে ঐ সীমান্তের সীমান্তবর্তী লোকজন জানান, ওই উপজেলার গেন্দুকুড়ি এলাকার মজিদ নামে এক চোরাচালানকারীর সাথে ব্যবসা করেন মিঠুন নামে ভারতীয় এক চোরাচালানকারী। কয়েকদিন আগে দইখাওয়া এলাকা দিয়ে ‘রাতের রাজা’ খ্যাত লাইনম্যান ভুট্টুর মাধ্যমে মজিদের কাছে আসা ভারতীয় চোরাচালানকারী মিঠুনের ১৩ টি গরু আটক করে বিজিবি এমন দাবী মজিদের। কিন্তু তা মানতে নারাজ মিঠুন। এ নিয়ে মজিদ-মিঠুনের বিরোধ চলে আসছে। এই বিরোধের মধ্যে রোববার দিবাগত রাতে মজিদের রাখালরা গরু পারাপার করতে সীমান্তে গেলে আলমগীর হোসেন ও আমিনুর রহমান নামে দুই গরুর রাখালকে ধরে নিয়ে যায় ভারতীয় চোরাচালানকারী মিঠুনের লোকজন।
ওই সুত্রটি আরো জানান, দইখাওয়া এলাকার রাতের রাজা খ্যাত লাইনম্যান ভুট্টুর মাধ্যমে ভারতীয় চোরাচালানকারী মিঠুন প্রস্তাব দিয়েছে ১৩ টি গরুর দাম তাকে ১৩ লক্ষ টাকা দিলে তিনি আটক ওই দুই গরু রাখালকে ছেড়ে দিবেন।
এ ঘটনায় ভারতে আটক আলমগীর হোসেন ও আমিনুর রহমানের পরিবারের লোকজন, চোরাচালানকারী মজিদ ও লাইনম্যান ভুট্টুর সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।