সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ১ ব্যাক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে একদল পুলিশ সাথে নিয়ে তিনি এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানকালে ইউএনও সুনন্দা রায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একজন দালালকে সরকারি স্বাস্থ্য সেবা নিতে রোগীদের বাধাগ্রস্ত করার অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় অর্থদন্ডসহ তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও, হাসপাতালের টিকেট কাউন্টারে বিভিন্ন অসংগতি খুঁজে পাওয়ায় একজন স্টাফকে সতর্কতামূলক অর্থদন্ড এবং অপর আরেকজন স্টাফকে সতর্ক করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলে আসা এসব অভিযোগের ভিত্তিতে ইউএনও’র এই আকস্মিক অভিযান স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্বাস্থ্য সেবার মান উন্নত করতে এবং অনিয়ম দূরীকরণে এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। অভিযানে তানভির হোসেন (২৭) নামের দালালকে তিন মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। সে উপজেলার দেওকলস ইউনিয়নের জগতপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
এদিকে বিভিন্ন অসংগতি পাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ আলী আমজদকে ২০০ টাকা জরিমানা ও আলেয়া বেগমকে কঠোরভাবে সতর্ক করেন ইউএনও।
এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিস্কার করার বিষয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেন। অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন সুমন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, জনগণের স্বাস্থ্য সেবার জন্য প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।