রাকিব হোসাইন, লালমনিরহাট প্রতিনিধিঃ
বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের পক্ষ থেকে পাটগ্রাম উপজেলার আলোচিত দহগ্রাম ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় পাঁচশ জনের মাঝে এই বস্ত্র বিতরণ হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবাও দিয়েছে বিজিবি। সবকিছুই সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার একটি পর্যায়ে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার এস এম শফিকুর রহমান ও রংপুর ৫১ ব্যাটালিয়নের সিও সেলিম আলদীনসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দহগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতাকর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাত করেন।
শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে দহগ্রাম ইউনিয়নের মানুষের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিজিবির কাছে উপস্থাপন করে তিনি বলেন, ভারত তাদের নিয়ন্ত্রণে রাখা ‘তিনবিঘা করিডর’ রাস্তা দিয়ে ঠুমকো অজুহাতে বাংলাদেশের পণ্যবাহী ট্রাক যাতায়াত বন্ধ করে রেখেছে। এটি যেনো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আপনারা কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত, একটা সময় দহগ্রাম ইউনিয়ন পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে এখান থেকে বিশেষ ব্যবস্থায় বিজিবিতে জনবল নিয়োগ দিয়েছিল, যা এখন বন্ধ রয়েছে। পুনরায় সেই উদ্যোগ নেয়া যায় কি-না সেটি নিয়েও তিনি বিজিবির কাছে আবেদন জানান। পাশাপাশি এই ইউনিয়নকে আধুনিকায়নের জন্য বিজিবি কর্তৃক বিশেষ কোনো ব্যবস্থায় উদ্যোগ নেয়ার কথা বলেন।
যেহেতু দহগ্রাম ইউনিয়নের জনগণ ও সীমান্ত ঘিরে বরাবরই বিজিবির বিশেষ দৃষ্টি থাকে, সেই দিক থেকে দহগ্রামের বাস্তবতার আলোকে সার্বিক দিক বিবেচনায় বিজিবির কাছে এসব বিষয়ে উপস্থাপন করা হয়েছে। এবং বিজিবিও উপস্থাপিত বিষয়গুলো উর্ধ্বতন কর্মকতাদের অবগত করার আশ্বাস দিয়েছেন বলে জানান মনিরুজ্জামান মনির।