নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের ভাড়া বাড়ির তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) রাতের দিকে নড়াইল পৌরসভার ভাদুড়িডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী টমাস বিশ্বাস জানান, শনিবার রাতে ভাদুড়িডাঙ্গার ভাড়া বাসায় তালা দিয়ে তিনি কড়লা ইউনিয়নের রামনগর চর গ্রামের বাড়িতে যান। পরদিন সকাল সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে দেখতে পান, গেটের তালা ভাঙা। পরে ঘরে ঢুকে আলমারির ড্রয়ারও ভাঙা অবস্থায় দেখতে পান। ড্রয়ারে রাখা তার স্ত্রীর স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা, এবং নগদ ৭৭ হাজার টাকা পাওয়া যায়নি বলে তিনি জানান।
বাড়ির মালিকের দাবি, শনিবার রাত ৮টার দিকে ৮-১০ জন অপরিচিত ব্যক্তি লোহার রড ও দা নিয়ে বাড়িতে আসে। তারা নিচতলার ভাড়াটিয়া টমাস বিশ্বাসের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভয়ে তারা কোনো প্রতিবাদ করেননি বলেও জানান বাড়ির মালিক।
টমাস বিশ্বাসের দাবি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী মিলিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মালামাল চুরি হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টমাস বিশ্বাস অভিযোগ করে বলেন, “পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আমার ধারণা।”
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর চুরির প্রকৃত ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।