রাকিব হোসাইন, স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘদিন যাবত শিক্ষক সংকটের জন্য মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মাত্র ১জন শিক্ষকেই সামলাচ্ছে গোটা বিদ্যালয়। ফলে শিক্ষাকার্যক্রম ভেঙে পড়েছে। শিক্ষক সংকটের সমাধানের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী’রা ক্লাস বর্জন করে বিভিন্ন দাবী সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিদ্যালয় মাঠে অবস্থান গ্রহণ করে। তাদের প্রদর্শিত প্ল্যাকার্ডে সংকটের চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। ” ভবন আছে, বই আছে শিক্ষক নেই কেন? ” ভবন আছে, বই আছে, শিক্ষার্থী আছে, বেঞ্চ আছে শিক্ষক কেন নেই ক্লাসে? “আমাদের দাবি একটাই শিক্ষক চাই- শিক্ষক চাই ” এমন সব শ্লোগান লিখে শিক্ষার্থীরা আন্দোলন করেন।

অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন যাবত দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। প্রায় ৭শত জন ছাত্র ছাত্রীর পাঠদানের জন্য একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ২জন কর্মচারী নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞাণ সহ অনেক বিষয়ের শিক্ষকের পদ শুন্য রয়েছে বলে জানা গেছে। আরো জানা গেছে নিয়োগকৃত অনেক শিক্ষক বিদ্যালয়ের পাঠ দানে যোগদান করেন নাই। কখনো কখনো ২/১ টি পদের শিক্ষক এলেও বেশি দিন এখানে থাকতে চান না। কয়েক দিন যেতে না যেতেই বদলী হয়ে অন্যত্র চলে যান। ফলে একজন মাত্র মূল পদের শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতায় সামান্য পারিশ্রমিক দিয়ে খণ্ডকালীন হাতে গোনা কয়েকজন শিক্ষক দিয়েই চলছে প্রতিষ্ঠানটি।
২০১৩ সালের ৬ অক্টোবর তৎকালীন আওয়ামীলীগ সরকার এই বিদ্যালয়টি জাতীয়করণ করে এবং পরবর্তীতে একে কলেজিয়েট হিসেবে উন্নীত করা হয়। বিদ্যালয়টি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়নের একমাত্র সরকারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনার অন্যতম ভরসা। কিন্ত নানাবিধ অব্যবস্থাপনা, প্রয়োজনীয় শিক্ষক সংকটের কারণে অবকাঠামোগত অনেক সুযোগ সুবিধা বিদ্যমান থাকা সত্বেও এই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। চরম শিক্ষক সংকটে ক্ষুব্ধ ও হতাশ শিক্ষার্থী এবং অভিভাবকরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবী, শিক্ষক সংকট নিরসনের ব্যবস্থা না হলে তারা ক্লাসে ফিরবে না। কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারেনা। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। এ বিযয়ে তারা সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংসদ সদস্যের সু-দৃষ্টি কামনা করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।