জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেড ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বিনামূল্যে ম্যাশ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম (মোল্যার মাঠ) মাঠে নড়াইল-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি মাশরাফি বিন মোর্ত্তজার সৌজন্যে দিনব্যাপী এ ম্যাশ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে ঢাকা ও খুলনা থেকে হৃদরোগ, হরমোন, নিউরোলজি, ডেন্টাল, ডায়াবেটিস, মেডিসিন, ক্যান্সার, গাইনী, শিশু ও কিশোর, চর্ম ও যৌন, ইউরোলজি ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেন। এদিকে রোগীদের বিনামূল্যে রক্তচাপ নির্নয়, রক্তের গ্রুপ নির্নয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এর আগে নড়াইল-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা মঞ্চে উপস্থিত হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। পর তিনি লাল ফিতা কেটে এ ম্যাশ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলমসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা, আ.লীগ ও তাঁর সহযোগি সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ ম্যাশ মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুর মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র, ঔষধ প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্য সেবা দেন এই ম্যাশ মেডিকেল ক্যাম্পের চিকিৎসকরা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।