জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গংগাহাট বিজিবি ক্যাম্পে কর্মরত এক বিজিবি সদস্য নিজের অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার গংগারহাট বিজিবি ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় নিজের নামে ইস্যুকৃত রাইফেল নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। নিহতের নাম নাসিম উদ্দিন। তিনি দৈনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার পরপরই বিষয়টি ফুলবাড়ী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে বিজিবির সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।