জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল পৌরসভা এলাকায় মাছের ঘেরের পানিতে ডুবে সাত বছর বয়সী সুমাইয়া খানম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বেলা ৩টার দিকে নড়াইল পৌরসভার বেনাডোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
সুমাইয়া খানম বেনাডোপ গ্রামের রওশন মোল্যার মেয়ে। সে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার বেলা ৩টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি মাছের ঘেরে পড়ে যায় সুমাইয়া। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে মাছের ঘেরের পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।