জহুরুল হক মিলু, লেহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় জোবায়ের মোল্যা (১৪) নামের এক নলদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আজিজুর আহত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের মোল্যা নোয়গ্রাম ইউনিয়নের চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে।
সে নলদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত আজিজুর একই গ্রামের আজমুলের ছেলে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, শনিবার সকালে জোবায়ের মোল্যা তার বন্ধু পাশ্ববর্তী হান্দলা গ্রামের আজগরের ছেলে রিজভীর মোটরসাইকেল চেয়ে নিয়ে নলদী বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কিছু পথ গিয়ে ফিরে আসার পথে নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশের মোড়ে পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে জোবায়ের গুরুতর আহত হয়। এসময় তার পিছনে থাকা আজিজুর সামান্য আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। অপর আহত আজিজুর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি অবগত হয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।