কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে।
৫ অক্টোবর সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনীর তত্ত্বাবধানে এএসআই আবুল কালামের নেতৃত্বে বালুবাহী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটি থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ট্রাকের চালক মো. কামরুল ইসলাম (৩০), নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে এবং সহকারী (হেলপার) মো. রুহুল আমিন (৩০), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।