বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় অন্তঃবিভাগ বদলীকৃত অন্য জেলার ৭ জন শিক্ষককে বিশ্বনাথে বদলীর আদেশ পুনঃবিবেচনা/বাতিল চেয়ে সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক বরাবরে বিশ্বনাথের বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার পক্ষে একাধিক শিক্ষক নেতৃবৃন্দ স্বাক্ষরিত আবেদন পত্র দাখিল করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের দপ্তরে এই আবেদন দাখিল করলে সেটি দপ্তর কর্তৃক গৃহীত হয়েছে।
আবেদন পত্রে গত ৩০ সেপ্টেম্বর বিভাগীয় উপ-পরিচালক দপ্তরের শিক্ষক বদলী আদেশের স্মারক নং-৩৮.০১.৬০০০,০০০.১৯,০০২.১৮-৮৫২/১(১১২) তাং ৩০/০৯/২০২৬ ইং বদলী জনিত প্রক্রিয়া পুনঃবিবেচনা/ বাতিল করার আবেদন জানানো হয়।
আবেদন পত্র থেকে জানা গেছে, বিশ্বনাথে নব বদলীকৃত অন্য জেলার ৭ জন শিক্ষক বিভিন্ন জেলা হতে বদলীকৃত। বর্তমানে বিশ্বনাথ উপজেলার বহিরাগত কোটা ২০% এর উপরে। তাই এই বদলীতে বহিরাগত কোটা অনুস্মরণ করা হয়নি। যেসকল বিদ্যালয়ে তাদের বদলী নিয়োগ দেওয়া হয়েছে ঐ সকল বিদ্যালয় ছিল উপজেলার বদলী ইচ্ছুক শিক্ষকের কাছে কাংখিত। হঠাৎ করে এমন বদলীর আদেশে শিক্ষকরা মর্মাহত হয়েছেন। এতে বঞ্চিত শিক্ষক ও বিশ্বনাথের সচেতন মহল বিষয়টি নিয়ে সংক্ষুব্দ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুজ্জামান খাঁন,সাধারণ সম্পাদক বিধান রঞ্জন দাশ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির বাবুল কান্তি দাশ ও মুজিবুর রহমান সহ মোট ১৬ জন নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত আবেদনে বদলীকৃত নিয়োগ আদেশ বাতিল করার দাবী জানান তারা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।