রাকিব হোসাইন, স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে আকস্মিক বন্যা ও অতিবৃষ্টির পানির তোড়ে একটি আঞ্চলিক সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় দুই হাজার পরিবার দুর্ভোগে পড়েছে।
বুধবার সন্ধ্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে দহগ্রাম ইউনিয়নের অন্তত ১০টি এলাকা প্লাবিত হয়। এ সময় অতিরিক্ত বৃষ্টির কারনে সিষ্টিয়ারপাড় এলাকায় আঙ্গোরপোতা ও সিষ্টিয়ারপার এর মাঝামাঝি নির্মিত কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় আঙ্গরপোতা ও পাটগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে বৃহস্পতিবার সকাল থেকে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিষ্টিয়ারপাড় থেকে আঙ্গরপোতা ও পাটগ্রামগামী আঞ্চলিক পাকা সড়কের প্রায় ২০ ফুট অংশ ধসে গিয়ে প্রায় ১০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া, মিস্ত্রিপাড়া, প্রধানপাড়া, ওলেরপাড়া, ইসলামপুর, ভান্ডানী ও সাকোয়াপাড়াসহ কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে বন্যার পানিতে প্রায় ৫০০ একর আমন ধানের জমি তলিয়ে গেলেও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমে যাওয়ায় ফসলের তেমন ক্ষতি হয়নি।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে এসে সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি দেখা গেছে। দ্রুত সংস্কার না করলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা বলেন, হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে বন্যা ও অতিরিক্ত বৃষ্টির কারনে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।