নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার হাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুদ্দুস মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হাজীপুর সওদাগরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাজীপুর সাকিনস্থ শতরূপা বিল্ডিংয়ের পাশে আলমগীরের গ্যারেজের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কুদ্দুস মিয়া হাজীপুর সওদাগরপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুদ্দুস মিয়াকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা বরদাশত করা হবে না।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।