কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য, সাবানসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে এ অভিযান চালানো হয়। আটক যুবকের নাম জুনায়েদ আহমদ (২৬)। তিনি ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই নাজমুল হক মামুন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে জুনায়েদ আহমদের বাড়িতে অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ভারতীয় সাবানসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। পরে জুনায়েদ আহমদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনী জানান, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।