জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হামিদুল্লাহ শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু হাবিবার পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন। এসময় বাড়িতে খেলা করছিল সে। পরে বাড়ির লোকদের অগোচরে বাড়ির উত্তর পাশে পুকুরের পানিতে পড়ে যায় শিশু হাবিবা। বেশকিছু সময় ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।