নড়াইল প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন।
নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি এবং দৈনিক করতোয়া পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে র্কমরত ছিলেন।
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, রোববার সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি সড়কে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ ও অনিক গুরুতর আহত হন।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, সকালে মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল ও লোহাগড়ায় র্কমরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।