জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘন্টা কর্মবিরতি পালন করছে নড়াইলের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘন্টা এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে সেবা না পেয়ে বিপত্তিতে পড়েন হাসপাতালে আসা শতশত রোগী।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন তারা।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেডের দাবি করে আসছে। কিন্ত কোনো সরকারই তাদের দাবি বাস্তবায়ন করছে না। তাই তারা কর্মবিরতিতে গিয়েছে।
আন্দোলনকারীরা আরও জানান, রোববার (৩০ নভেম্বর) ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আগামী ৩ ডিসেম্বর ৮ থেকে ১২ পর্যন্ত অর্ধদিবস পালন করবে তারা।
দাবি আদায় না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করবেন তারা।
এদিকে কর্মবিরতি চলাকালে হাসপাতালের রেডিওলজি, প্যাথলজিসহ বিভিন্ন বিভাগের কর্মকান্ড বন্ধ থাকে। এ সময় সেবা না পেয়ে রোগীদের দাড়িয়ে থাকার দীর্ঘ লাইনের সারি দেখা যায়। সেবা না পেয়ে অনেকে পড়েছেন ভোগান্তিতে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।