জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলায় ঢাকা-বেনাপোল মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-বেনাপোল মহাসড়কের বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা নিহতের ছোট ভাই জানান, অন্তু শেখ নামে ওই যুবক নিজ বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা থেকে শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচা করতে যান। গরু কেনা-বেচা শেষে বিকেলে মোটরসাইকেল যোগে মাইজপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে ঢাকা-বেনাপোল মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে অন্তুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়া হয়। কাভার্ডভ্যানটি জব্দ হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।