জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সংসদীয় আসন ৯৩ নড়াইল-১ আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ও সংসদীয় আসন ৯৪, নড়াইল-২ আসনে জামায়াতের জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চু’র নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের নিকট থেকে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ড.খান আব্দুস সোবহান জানান, বুধবার সকাল থেকে জেলা নির্বাচন অফিস থেকে ফরম উত্তোলনের জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে বিকেলের দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম দু’টি আসনোর মনোনয়ন ফরম জামায়াত নেতৃবৃন্দের হাতে তুলে দেন। তবে এসময় প্রার্থীরা উপস্থিত ছিলেন না। ফরমগুলি পূরণ করে দ্রুত জমা দেয়া হবে।
এদিকে মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো.আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সদর পৌরসভা আমির মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রাথীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর হতে ৪ জানুয়ারী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারী, প্রচারণা শুরু ২২ জানুয়ারী, প্রচারণা কার্যক্রম শেষ ১০ ফেব্রুয়ারী এবং ১২ ফেব্রুয়ারী ভোটগ্রহণ ও গণণা অনুষ্টিত হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।