জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মাছ ধরা থেকে বিরত থাকা নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে নিবন্ধিত ৩০ জন কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলার ৬ নং জয়পুর ইউনিয়নের নিবন্ধিত ৩০ জন কার্ডধারী জেলেদের মাঝে জয়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন ৬ নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বদরুল আলম, সহকারী সচিব প্রসেনজীৎ ও জেলেরাসহ অনেকে।
চাল বিতরণকালে বক্তারা বলেন, সরকার মা ইলিশ সংরক্ষণে জেলেদের পাশে রয়েছে। এই সহায়তা কর্মসূচির মাধ্যমে জেলেরা যাতে নির্বিঘ্নে নিষেধাজ্ঞার সময় মাছ ধরা থেকে বিরত থাকতে পারে, সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। এ সময় জেলেরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও উপজেলার ইতনা ইউনিয়নে ২০০ জন, কোটাকোল ইউনিয়নে ১০০ জন, মল্লিকপুর ইউনিয়নে ৬০ জন, শালনগর ইউনিয়নে ৫০ জন, লাহুড়িয়া ইউনিয়নে ৬০ জন, লোহাগড়া ইউনিয়নে ৫০ জন, লোহাগড়া পৌর সভা ৫০ জন কার্ডধারী জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।