ডেস্ক:
নেপালের কারাগার থেকে পালিয়ে যাওয়া একজন বাংলাদেশিসহ ৬১ জন বন্দীকে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ভারতের আধা-সামরিক বাহিনী এসএসবি (সশস্ত্র সীমা বল) এই বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ আব্দুল হাসান ঢালী। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন। স্বর্ণ পাচারের অভিযোগে কাঠমান্ডুর কেন্দ্রীয় কারাগারে গত পাঁচ বছর ধরে তিনি বন্দী ছিলেন। নেপাল থেকে পালিয়ে কলকাতা হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নেপালে চলমান বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে প্রায় ২০টি কারাগার থেকে ১৫ হাজারেরও বেশি বন্দী পালিয়ে যায়। তাদের মধ্যে অনেকেই উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিভিন্ন চেকপোস্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
অনুপ্রবেশকারীদের রুখতে ভারতের সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।