বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন পর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার আহত ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল বাদী হয়ে গতকাল সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদ কে প্রধান আসামি এবং আরও ১৯জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে আরো ৩০-৪০ জনকে। বিশ্বনাথ থানায় মামলা নং ১১।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, অন্যান্য আসামিরা সবাই নিষিদ্ধ আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী। ঘটনার ৬দিন পেরিয়ে গেলেও হামলাকারী সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ বলছে তাকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সূত্রপাত গত ৯ সেপ্টেম্বর। ওইদিন বিশ্বনাথে ঘরে ঢুকে আবদুল মজিদ বকুল নামের এক ছাত্রদল নেতাকে পেটায় ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি শামীম আহমদ উরফে চাক্কু শামীম । বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ উপজেলার পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। হামলার পর হাসপাতালে চিকিৎসা শেষে থানায় এই মামলা দায়ের করেন।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।