বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধিঃ
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খ্যাতিমান সাংবাদিক,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকার নিবন্ধিত পাক্ষিক বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুলের ২য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
২২শে এপ্রিল (বুধবার) বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় প্রেসক্লাবের আয়োজনে তাঁর ২য় মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়নের মেম্বার বশির উদ্দিন।
মরহুম মোসাদ্দিক হোসেন সাজুলের বর্ণাঢ্য কর্মজীবনের ভুয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব,কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম ও সদস্য এস এ সাজু।
উল্লেখ্য, মোসাদ্দিক হোসেন সাজুল ২০২৪ সালের ২২শে এপ্রিল দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। জীবনের ৪৬টি বসন্তের অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিশ্বনাথ উপজেলার ভোগশাইল গ্রামের হাজী সায়েস্তা মিয়ার তৃতীয় সন্তান।
মোসাদ্দিক হোসেন সাজুল শুধুমাত্র সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন একাধারে খ্যাতিমান সমাজসেবক, কবি, লেখক,রোটারিয়ান,মানবাধিকারকর্মী,দক্ষ সংগঠক, সু-সাহিত্যিক।
তিনি দৈনিক ভোরের কাগজ,সিলেটের মানচিত্র, দৈনিক বাংলাদেশ সমাচারসহ দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় সুনামের সাথে কাজ করেছেন।প্রতিষ্ঠা সম্পাদনা ও প্রকাশনা করেছেন বিশ্বনাথ বার্তা পত্রিকা। তিনি লিখেছেন উৎকর্ষের আর্কাইভ নামে কাব্যগ্রন্থ।লিখে গেছেন অসংখ্য গল্প, প্রবন্ধ ও স্মৃতিকথা।
তার লিখনিতে ফুটে উঠেছে দেশপ্রেম, মানবপ্রেম,সমাজচিত্র,কঠিন বাস্তবতা,প্রকৃতি-পরিবেশসহ নানা অসঙ্গতির কথা।
তিনি তার জীবদ্দশায় সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ভূষিত হয়েছেন বিভিন্ন পুরস্কারে।ঘুরেছেন বিভিন্ন দেশ।
জীবনের শেষ প্রান্তে এসে সাংবাদিকদের সুসংগঠিত করার লক্ষে গঠন করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। রেখে গেছেন তাঁর জীবনের স্বপ্ন বিশ্বনাথ বার্তা নামক পত্রিকা। মানুষের কল্যাণে কাজ করার জন্য কর্মগুণেই তিনি অমর হয়ে থাকবেন বিশ্বনাথবাসীর হৃদয়ে।
আলোচনা সভা শেষে মরহুম মোসাদ্দিক হোসেন সাজুলের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পিতা-মাতা,স্ত্রী-মেয়ে,ভাই-বোনসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।