জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২৬ উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মতিউর রহমান অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা শাম্মী কায়সার। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণভোটের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক পীযুষ কান্তি রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন , লোহাগাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর রেহবার দারাজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস
প্রমুখ।
এ সময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী সোহেল রানা, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. মাসুদ হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।